
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীসহ সারা বিশ্বের মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্যাগের মহিমা, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তাকে ধারণ করে তিনি বাংলাদেশসহ বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেছেন।
মঙ্গলবার (২৬ মে) প্রধানমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি এই শুভেচ্ছা ও শুভকামনা জানান।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।”
ঈদুল আজহার গভীর তাৎপর্য তুলে ধরতে গিয়ে তিনি উল্লেখ করেন, ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, নিঃশর্ত আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে।
হযরত ইব্রাহিম (আ.)-এর ঐতিহাসিক আত্মত্যাগের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও লেখেন, “মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।”
বিশ্বজুড়ে চলমান নানা সংকটের মধ্যে শান্তি ও সমৃদ্ধির ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর বার্তায় বলা হয়, “পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।”
বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মানুষের কল্যাণ কামনা করে লেখেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তার অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”