
ঈদুল আজহাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ অবশেষে নারায়ণগঞ্জের খামার ছেড়েছে। বিদায়ের মুহূর্তকে ঘিরে খামারে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লাল গালিচা, রঙিন ধোঁয়া আর রাজকীয় সাজে ভাইরাল এই মহিষটিকে তুলে দেওয়া হয় তার নতুন মালিকের হাতে।
সোমবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই বিদায় অনুষ্ঠানের। দুপুর থেকেই খামারের কর্মীরা মহিষটিকে গোসল করানো, সাজানো ও বিদায়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। পরে বিশেষ পোশাকে সাজিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচা দিয়ে হাঁটিয়ে বিদায় জানানো হয়। এ সময় খামারের মালিকপক্ষ, দর্শনার্থী ও স্থানীয় উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
খামার সূত্র জানায়, মহিষটির সাদা লোম, মাথার চুলের গঠন ও চোখের অবয়ব অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump–এর সঙ্গে মিল থাকায় আদর করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনায় আসে মহিষটি।
প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির কিনে নেন। খামার কর্তৃপক্ষ জানায়, প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়েছিল মহিষটি। ভাইরাল হওয়ার পর বিভিন্ন জেলা থেকে মানুষ সেটিকে দেখতে খামারে ভিড় করেন। শিশু-কিশোর থেকে শুরু করে নারী দর্শনার্থীদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। অনেকে কিনতে না পেরে আক্ষেপও প্রকাশ করেন।
খামারের কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে লালন-পালন করা মহিষটিকে বিদায় দিতে তাদের আবেগাপ্লুত লাগছে। তাদের দাবি, দেশে আগে কখনও কোনো কোরবানির পশু এভাবে আলোচনায় আসেনি। অন্যদিকে ক্রেতা সামির বলেন, মহিষটি ভাইরাল হওয়ার পর তাদের এলাকাতেও সেটিকে দেখার আগ্রহ তৈরি হয়েছে। তাই ঢাকায় নেওয়ার পর সেখানেও মানুষ ভিড় করছেন।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ঈদের আগে ব্যতিক্রমী এই মহিষকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, বিদায়ের মধ্য দিয়ে তারই যেন এক নাটকীয় সমাপ্তি ঘটল।