
গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ইসরায়েলি প্রস্তাবের কঠোর বিরোধিতা জানিয়েছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার আট দেশ। দেশগুলো হলো—জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিসর।
রোববার এক যৌথ বিবৃতিতে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরায়েলি সরকারের ওই প্রস্তাবের বিরুদ্ধে নিজেদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।
সম্প্রতি গাজার বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের বিতর্কিত প্রস্তাব দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। এর পরিপ্রেক্ষিতে দেওয়া যৌথ বিবৃতিতে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ইসরায়েলি সরকারের বিভিন্ন মহল থেকে আসা এ ধরনের উসকানিমূলক বক্তব্য ও প্রস্তাব আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এগুলো ফিলিস্তিনিদের বৈধ অধিকারের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।
বিবৃতিতে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা স্পষ্ট করে বলেন, ফিলিস্তিনিদের তাদের নিজস্ব বসতভিটা থেকে সরিয়ে দেওয়ার যেকোনো পরিকল্পনার বিরোধিতা করা হবে। তাদের মতে, এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের চলমান শান্তি-প্রক্রিয়ার প্রতিও সরাসরি চ্যালেঞ্জ।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, গাজা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তাই ফিলিস্তিনের সামগ্রিক ভূখণ্ডের অখণ্ডতা অক্ষুণ্ন রাখা জরুরি।
গাজা সংকটের স্থায়ী সমাধানে ন্যায্য ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হিসেবে ‘দুই রাষ্ট্র’ সমাধান বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।