
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) রাজধানী কিনশাসায় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে স্থানীয় কর্মকর্তারা জানান, শনিবার স্থানীয় সময় কিনশাসার লিংওয়ালা বরোর একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।
লিংওয়ালা বরোর মেয়র নরম্যান মুশিঙ্গা ঘটনাস্থল পরিদর্শনের পর জানান, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আগুনে ভবনের ভেতরে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য কিনশাসার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।