
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ধারাবাহিক বিস্ফোরণে বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে এবং এর অভিঘাত দূরবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যরাতে ইয়োহমোর আল-শকিফ, আরনুন ও কফর তেবনিত এলাকায় ইসরাইলের হামলার পর একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের কম্পন এল-খাররুব ও খালদে এলাকাতেও অনুভূত হয়।
এদিকে মারজাইউন জেলার ঐতিহাসিক বিউফোর্ট দুর্গসংলগ্ন এলাকাতেও তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের কুলাইয়া শহরের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকা কেঁপে ওঠে। একই সঙ্গে চারপাশে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।
লেবাননের জাতীয় বার্তা সংস্থা আরও জানায়, টাইর জেলার আল-মানসুরি ও বেইউত আল-সাইয়্যাদ এলাকার উপকণ্ঠ লক্ষ্য করে ইসরাইলি বাহিনী ভারী মেশিনগান থেকে গুলি চালায়। পাশাপাশি আল-মানসুরি এলাকায় কামানের গোলাও নিক্ষেপ করা হয়।
অন্যদিকে, বিনতে জুবেইল জেলার বারাআশিত পাহাড় থেকে আইনাতা এলাকার দিকে ইসরাইলি ট্যাংকের চলাচলও দেখা গেছে। একই সময়ে দক্ষিণ লেবাননের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে ভারী বিস্ফোরণ এবং কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে এনএনএ।