
কয়েক দিন আগে ইউটিউবে মুক্তি পেয়েছে অভিনেতা মুশফিক আর ফারহান অভিনীত নাটক ‘পথের সাথীকে চিনে নিও’। জুবায়ের ইবনে বকরের নির্মাণে নাটকটি প্রকাশের পর দর্শকদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে। অভিনয় ও গল্পের প্রশংসার পাশাপাশি নাটকে বিসিএস ক্যাডার চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনাও করছেন অনেকে।
নাটকটিতে মইন খান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। গল্পে দেখা যায়, মইন খান দরিদ্র পরিবারের সন্তান। আর্থিক সংকটের কারণে একপর্যায়ে প্রেমিকার সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। পরে বিসিএস ক্যাডার হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দেন তিনি।
তবে মইন খানের ইউএনও হওয়া ও পদবি নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের অনেকে। তাঁদের দাবি, নাটকে দেখানো হয়েছে চাকরির প্রথম দিনই মইন খান ইউএনও হিসেবে যোগ দিয়েছেন। বাস্তবে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়ার পর বিভিন্ন দায়িত্ব পালনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং পরবর্তী সময়ে ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ আসে।
এ ছাড়া নাটকে মইন খানের পদকে ‘অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট’ বলা হয়েছে। দর্শকদের দাবি, বাংলাদেশে সরকারি চাকরিতে এমন কোনো পদ নেই। নাটকের একটি নামফলকে উত্তরাকে উপজেলা হিসেবে উল্লেখ করা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির এসব বিষয় নিয়ে নানা মন্তব্য দেখা যাচ্ছে। একজন দর্শক লিখেছেন, দেশের নাট্যাঙ্গনে এ ধরনের ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। তাঁর দাবি, এর আগেও অভিনেতা ফারহান আহমেদ জোভানের একটি নাটকে বিসিএস ক্যাডার চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনা হয়েছিল।
আরেক দর্শক ব্যঙ্গ করে লিখেছেন, ‘এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দিন শেষ, আসছে অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট।’ সরকারি চাকরির পদ সম্পর্কে ন্যূনতম তথ্য যাচাই না করায় তিনি নাটকটির সমালোচনা করেন।
তবে এসব সমালোচনা নিয়ে এখন পর্যন্ত নাটকটির নির্মাতা, অভিনয়শিল্পী কিংবা সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
‘পথের সাথীকে চিনে নিও’ নাটকটির গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এতে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, জয়নাল জ্যাক, মিলি বাসার ও আরকে রেজাসহ অনেকে।
এর আগে আনিসুর রহমান রাজিবের ‘সে প্রথম প্রেম আমার’ নাটকের একটি দৃশ্য নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছিল। ওই নাটকে ফারহান আহমেদ জোভান নিজেকে বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। বিষয়টি নিয়েও তখন দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।