
মেয়ের জন্মদিন উপলক্ষে মাতৃত্বকালীন ফটোশুটের ছবি প্রকাশ করতেই ফের সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। স্বামী রণবীর সিং ও মেয়ের সঙ্গে সাদাকালো ছবিতে মাতৃত্বের উজ্জ্বলতা ফুটে উঠলেও, সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পর অভিনেত্রীর বেবি বাম্পের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
২০২৪ সালে গণপতি উৎসবের সময় প্রথমবার মা হয়েছিলেন দীপিকা। প্রায় দুই বছর পর আবারও অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি মেয়ের জন্মদিনকে কেন্দ্র করে মাতৃত্বকালীন ফটোশুটের কয়েকটি সাদাকালো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি।
ছবিগুলো প্রকাশের পর দীপিকার ভক্তরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিলেও, অনলাইনে একটি অংশ বেবি বাম্প নিয়ে সন্দেহ প্রকাশ করে। তাদের প্রশ্ন, ছবিতে দেখা বেবি বাম্পটি সত্যিই দীপিকার, নাকি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।
এ ধরনের প্রশ্ন অবশ্য এবারই প্রথম নয়। ২০২৪ সালে রণবীর সিংয়ের সঙ্গে ভোট দিতে যাওয়ার সময়ও দীপিকার গর্ভাবস্থা নিয়ে একই ধরনের আলোচনা হয়েছিল। সে সময় পোশাকের ভেতর থেকে তার সামান্য স্ফীত উদর দেখা গেলেও, গর্ভাবস্থার সময় বিবেচনায় সেটি যথেষ্ট স্পষ্ট নয় বলে মন্তব্য করেছিলেন অনেকে।
এবার মাতৃত্বকালীন ফটোশুটে বেবি বাম্প প্রকাশ্যে আসার পরও সেই পুরোনো বিতর্ক নতুন করে শুরু হয়। তবে এবার অভিনেত্রীর পক্ষ নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন এক অনুরাগী।
আরশিয়া মুরজানি নামে ওই অনুরাগী একটি ভিডিও পোস্ট করে বলেন, সব তারকা মাতৃত্ব নিয়ে মিথ্যা বলেন না এবং দীপিকাও তার গর্ভাবস্থা নিয়ে মিথ্যা বলছেন না। তার দাবি, দীপিকা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন—এ বিষয়টি স্পষ্ট। তাই এই সময়টুকু অভিনেত্রীকে নিজের মতো করে উপভোগ করার সুযোগ দেওয়া উচিত।
আরশিয়ার সেই পোস্টে লাইক দিয়ে প্রকাশ্যেই সমর্থন জানিয়েছেন দীপিকা। সরাসরি কোনো মন্তব্য না করলেও অনুরাগীর পোস্টে সমর্থন জানিয়ে সমালোচকদের প্রতি নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী।