
বলিউডে সময়টা বেশ ভালোই কাটছে অভিনেত্রী কারিনা কাপুরের। ২০২৩ সালে পরপর দুটি ভিন্নধর্মী ও শক্তিশালী চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। নতুন করে নিজের অভিনয় প্রতিভার জানান দেওয়া এই অভিনেত্রী এখন ব্যস্ত তার নতুন সিনেমা ‘দায়রা’র প্রচারণায়। আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
‘দায়রা’র প্রচারে এসে ভাই রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’-এর প্রসঙ্গ টেনে বলিউডের সাম্প্রতিক সিনেমার প্রবণতা নিয়ে সরব হয়েছেন কারিনা। চলচ্চিত্রশিল্পের বর্তমান ধারাকে তিনি তুলনা করেছেন ‘ভেড়ার পালের অন্ধ অনুকরণ’-এর সঙ্গে।
২০২৩ সাল থেকে হিন্দি সিনেমায় ‘আলফা মেল’ চরিত্রের আধিপত্য স্পষ্ট হয়ে ওঠে। শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’, সানি দেওলের ‘গদর ২’ এবং রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর মতো সিনেমা বড় বাজেটের অ্যাকশন ও তারকাখ্যাতির জোরে বক্স অফিসে সাফল্য পায়।
এরপর ২০২৪ ও ২০২৫ সালেও একাধিক অ্যাকশনধর্মী সিনেমা মুক্তি পেয়েছে। ‘ধুরন্ধর’, ‘টক্সিক’ কিংবা ‘রোমিও’র মতো সিনেমাতেও বড় পর্দায় সহিংসতা ও মারদাঙ্গা অ্যাকশনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফলে প্রশ্ন উঠছে, অতিরিক্ত সহিংসতা ও রক্তপাতনির্ভর গল্পের দিকে ঝুঁকতে গিয়ে বলিউড কি নিজস্বতা হারাচ্ছে?
এ প্রসঙ্গেই মুখ খুলেছেন কারিনা। তিনি বলেন, “আমরা যতটা ভাবি, তার চেয়েও দর্শক অনেক বেশি বুদ্ধিমান। কোনো সিনেমা ভালো হলে তারা সেটা ঠিকই বুঝতে পারেন এবং দেখতে চান। এখন আর বিষয়টি শুধু রোমান্টিক প্রেমের গল্পের মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমানে পর্দায় হিংসারও রমরমা।”
‘অ্যানিম্যাল’-এর সাফল্যের প্রসঙ্গ টেনে কারিনা বলেন, “‘অ্যানিম্যাল’ হিট করেছে, তাই সবাই মিলে হিংসা-বিদ্বেষমূলক সিনেমা বানাচ্ছেন! এসব কনটেন্ট এখন সেকেলে হয়ে গেছে। আসলে আমাদের মধ্যে ভেড়ার পালের মতো অন্ধ অনুকরণের প্রবণতা কাজ করে। আর কী-ই বা বলব?”
তবে ভিন্নধারার সিনেমা নির্মাণে আগ্রহী পরিচালকদের প্রশংসাও করেছেন কারিনা। তার মতে, এখনো এমন অনেক পরিচালক রয়েছেন, যারা নতুন ধরনের গল্প বলতে চান এবং দর্শককে নতুন করে ভাবার সুযোগ দেন। তাদের সিনেমার আলাদা দর্শকও তৈরি হয়েছে।
কারিনা বলেন, “যুগ বদলেছে। দর্শক এখন ট্রেলার দেখেই সিদ্ধান্ত নেন সিনেমাটি দেখবেন কি না।”
তার মতে, বর্তমান সময়ে নির্দিষ্ট কোনো ফর্মুলার ওপর নির্ভর করে সিনেমা বানানো কঠিন। দর্শক এখন নতুনত্ব ও ভালো গল্পের সন্ধানে রয়েছেন।