
ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর পরবর্তী জেমস বন্ড কে হচ্ছেন, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা জল্পনা। নতুন বন্ড অভিনেতার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে এরই মধ্যে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে বড় আপডেট দিয়েছেন চিত্রনাট্যকার স্টিভেন নাইট। তিনি জানিয়েছেন, নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্যের প্রথম খসড়া লেখার কাজ শেষ হয়েছে।
যুক্তরাজ্যের গ্রেটেস্ট হিটস রেডিওতে জো বলের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এ তথ্য জানান স্টিভেন নাইট। চিত্রনাট্যের প্রথম খসড়া শেষ হয়েছে কি না জানতে চাইলে মাথা নেড়ে সম্মতি জানান তিনি।
‘পিকি ব্লাইন্ডার্স’, ‘আ থাউজেন্ড ব্লোজ’, ‘হাউস অব গিনেস’ ও ‘স্পেনসার’-এর মতো আলোচিত কাজের চিত্রনাট্য লিখে পরিচিতি পেয়েছেন স্টিভেন নাইট। ‘ডার্টি প্রিটি থিংস’ সিনেমার জন্য অস্কার মনোনয়নও পেয়েছিলেন তিনি। নতুন জেমস বন্ড সিনেমার চিত্রনাট্য লেখার দায়িত্বও রয়েছে তাঁর হাতে।
চিত্রনাট্যের কাজ এগিয়ে যাওয়ার পর পরবর্তী জেমস বন্ড অভিনেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে আমাজন এমজিএম স্টুডিও। স্টিভেন নাইট ও অভিনেতা গ্যারি ওল্ডম্যানের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, অডিশনের মাধ্যমে নতুন বন্ড অভিনেতা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে থাকতে পারেন। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
জেমস বন্ড সিরিজের নতুন সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনুভ। চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, চলতি বছরের শেষ দিকে কোনো জমকালো আয়োজনের মাধ্যমে নতুন জেমস বন্ডের নাম বিশ্ববাসীর সামনে ঘোষণা করা হতে পারে।