
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও কটাক্ষ নিয়ে এবার সরব হলেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ট্রোলারদের উদ্দেশে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, তাদের ভিডিও ও পোস্ট ভাইরাল করেই অনেকের সংসার চলে।
সম্প্রতি এরাও মানুষ ছবির শুটিং শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হন শ্রাবন্তী। সেখানে তিনি প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তার আকস্মিক মৃত্যু নিয়ে কথা বলেন।
একই সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা কটূ মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।
শ্রাবন্তী বলেন, “যারা এসব করছে, তাদের মাথায় সমস্যা আছে। প্রিয়াঙ্কা আমার খুব পছন্দের একজন মানুষ। ও খুব মিষ্টি এবং শক্তিশালী একজন মা। একজন মাকে কতটা শক্ত থাকতে হয়, সেটা সবাই বোঝে না।”
তিনি আরও বলেন, কিছু মানুষ—বিশেষ করে কিছু নারী, নিজেদের হতাশা থেকে অন্যদের নিয়ে সমালোচনা করেন এবং সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য ছড়ান।
সবচেয়ে আলোচিত মন্তব্যে শ্রাবন্তী বলেন, “আমাদের ভিডিও শেয়ার করেই তো অনেকের সংসার চলে, মাছের ঝোল রান্না করে খায়। তাই আমরা তো তাদের একটু সাহায্যই করছি।”
প্রয়াত রাহুলকে স্মরণ করে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, এরাও মানুষ ছিল তার শেষ ছবি। দীর্ঘ আউটডোর শুটিংয়ে পুরো টিম একটি পরিবারের মতো হয়ে উঠেছিল। এখনো বিশ্বাস করতে কষ্ট হয় যে তিনি আর নেই।
এই ছবিতে জিতু কামাল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রধান চরিত্রে দেখা যাবে। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং শান্তিলাল মুখোপাধ্যায়।