
চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১২ আগস্ট) শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বয়স ২৫ বছর। তিনি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, হাটহাজারী থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় পুলিশ ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটির তদন্তের স্বার্থে পুলিশ তাকে সাত দিনের হেফাজতে নেওয়ার আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের অনুমতি দেন। এর আগে গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত অন্য একটি মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যাকাণ্ডের তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।