
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত একটি প্রতিষ্ঠানের কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন এটোম টেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে দোরোখিন সের্গেইয়ের মরদেহ পাওয়া যায়।
দোরোখিন সের্গেই রূপপুর প্রকল্পের নির্মাণকাজে নিয়োজিত এটোম টেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দীন জানান, খবর পেয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভেতর থেকে ওই রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
জামাল উদ্দীন আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর দোরোখিন সের্গেইয়ের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।