
দেশজুড়ে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যে বুধবার সন্ধ্যা থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশার কথা জানান। একই সঙ্গে বিদ্যুৎ সংকটে মানুষের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনালে নতুন করে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। আরেকটি টার্মিনাল দুর্ঘটনার কারণে এখনও পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা যাচ্ছে না। এর ফলে দেশে গ্যাসের সরবরাহ কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে।
তিনি জানান, আগের সরকারের ভুল নীতির কারণে দেশে আগে থেকেই জ্বালানি সংকট তৈরি হয়েছিল। এর মধ্যে নতুন করে টার্মিনাল-সংক্রান্ত দুর্ঘটনা ও প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে। তবে সংকট মোকাবিলায় বিকল্প ব্যবস্থায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
গ্যাসের ঘাটতির কারণে সম্প্রতি জাতীয় পর্যায়ে লোডশেডিংয়ের পরিমাণ ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়। বিশেষ করে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। কোথাও কোথাও বিদ্যুৎকেন্দ্র ও উপকেন্দ্রে হামলা এবং ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ স্থাপনার নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।