
জাতীয়করণের পর নবম গ্রেডে নামিয়ে দেওয়া দেশের বিভিন্ন সরকারি কলেজের ৬৯০ জন প্রভাষককে সপ্তম গ্রেডের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জামালুর রহিম খান রবিন।
অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া দেশ রূপান্তরকে বলেন, জাতীয়করণের আগে সংশ্লিষ্ট শিক্ষকরা সপ্তম বেতন গ্রেডের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে জাতীয়করণের পর তাদের নবম গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়।
গ্রেড পরিবর্তনের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০২৩ সালে ৬৯০ জন শিক্ষক হাইকোর্টে রিট করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রভাষকদের সপ্তম গ্রেডে বহাল রাখার বিষয়ে রুল জারি করেন আদালত।
পরে রুলের ওপর চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে সোমবার হাইকোর্ট ৬৯০ জন প্রভাষককে সপ্তম গ্রেডের বেতন ও অন্যান্য সুবিধা দেওয়ার নির্দেশ দেন।