
জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতিক দাড়ি-পাল্লায় ভোটের বিনিময় জান্নাতের গ্যারান্টি দিয়ে আলোচনায় আসা সেই এ আর হাফিজ উল্লাহ লক্ষীপুর জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। তাকে ২০২৭-২০২৮ কমিটির দু'বছরের জন্য জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) রাতে কেন্দ্র থেকে তার নাম ঘোষণা করা হয়।
লক্ষীপুর জেলার টানা ১৩ বার আমিরের দায়িত্ব পালন করা সাবেক আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন এ আর হাফিজ উল্লাহ।
রুহুল আমিন ভূঁইয়া ২০০১-২০০২ সালের কমিটি থেকে ২০২৫-২০২৬ মেয়াদ পর্যন্ত জেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে টানা ২৬ বছর পর লক্ষ্মীপুর জেলায় নতুন আমির পেল জামায়াতে ইসলামী।
এর আগে ২০২৭-২০২৮ সেশনে লক্ষ্মীপুর জেলা আমির নির্বাচনের জন্য রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত ২৪ অক্টোবর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর জেলা শহরের টাউন হলে জেলা জামায়াতের কমিটি নির্ধারনে সম্মেলন এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলা শাখার প্রায় ১ হাজার ৭০০ রোকন ভোটাধিকার প্রয়োগ করেন।
রোকন সম্মেলনে রোকনদের গোপনীয় ভোটেই আমির নির্বাচিত করা হয়। জেলা জামায়াতে ইসলামীর বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। শিগগিরই তিনি নতুন আমির হিসেবে শপথ নিয়ে আমীরভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত লক্ষ্মীপুর জেলা শাখার দায়িত্ব গ্রহণ করবেন। পরে জেলা জামায়াতে ইসলামীর শূরা বৈঠকের মাধ্যমে জেলা কমিটির সেক্রেটারি নির্বাচনসহ পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হবে।
জানা যায়, এ আর হাফিজ উল্লাহ দীর্ঘদিন থেকেই জেলা জামায়াতের নায়েবে আমির ও সর্বশেষ তিনি জেলা সেক্রেটারি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এ ছাড়া তিনি লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগ) আসনে জাতীয় নির্বাচনে কেন্দ্র ঘোষিত জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন। তিনি রামগতি উপজেলার পৌর শহরের সম্ভ্রান্ত্র মুসলিম পরিবারের সন্তান। স্থানীয়ভাবে বেশ জনপ্রিয় জেলা জামায়াতের নতুন আমির এ আর হাফিজ উল্লাহ।