
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। শনিবার সকালে পিরোজপুর ইউনিয়ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটলে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শনিবার (২৯ আগস্ট) সকালে মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে কাভার্ডভ্যানটি বিকল হওয়ার পর যানজটের সূত্রপাত হয়। একপর্যায়ে এর প্রভাব মেঘনা টোল প্লাজা পর্যন্ত পৌঁছে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ার চর এলাকায় ঢাকামুখী অংশে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সেখানে জরুরি ভিত্তিতে মেরামত ও সংস্কারকাজ শুরু করা হয়। মহাসড়কের প্রায় পাঁচ মিটার অংশজুড়ে তৈরি হওয়া গর্তে মাইক্রো কংক্রিট ঢালাই করা হয়।
সংস্কারকাজের জন্য শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত মহাসড়কের একটি লেন বন্ধ রাখা হয়েছিল। এতে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে থাকে এবং একপর্যায়ে যানজটের সৃষ্টি হয়। তবে কাজ শেষ হওয়ায় শনিবার সকালে বন্ধ থাকা লেনটি আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
এর মধ্যেই সকালে পিরোজপুর ইউনিয়ন এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হলে নতুন করে যানজট দেখা দেয়। প্রায় এক কিলোমিটার এলাকায় যানবাহনের সারি তৈরি হয় এবং তা মেঘনা টোল প্লাজা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকার যাত্রী রুবেল হোসেন বলেন, আজ আমাদের এখানে যানজট নেই। মহাসড়কের পিরোজপুর ইউনিয়ন এলাকায় একটি কাভার্ডভ্যান বিকল হলে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাচপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, মহাসড়কে একটি কাভার্ডভ্যান বিকল হওয়ায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে দিয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনি আরও বলেন, আষারিয়ার চর ব্রিজ এলাকায় সংস্কার কাজের জন্য শুক্রবার একটি লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। তবে সংস্কার কাজ শেষে আজ সকালে ওই লেনটি খুলে দেওয়া হয়। সেখানে কোনও সমস্যা নেই।