
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকামুখী যান চলাচল। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় এ যানজট ছড়িয়ে পড়েছে।
শনিবার ভোর থেকে যানজট তীব্র আকার ধারণ করে। এর আগের রাতেও মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের ধীরগতি ও জট ছিল।
স্থানীয়দের ভাষ্য, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের সংস্কারকাজ শুরু হওয়ার পর থেকেই যানজটের সূত্রপাত। সংস্কারকাজের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনের যান চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ সারিতে আটকা পড়েছে হাজার হাজার গাড়ি। এতে রোগীবাহী অ্যাম্বুলেন্সের পাশাপাশি বিদেশগামী যাত্রীদের বহনকারী যানবাহনও ভোগান্তিতে পড়েছে।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে গর্তটি আরও বড় হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এ অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করা হয়।
কাজ চলার সময় মহাসড়কের দুটি লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয় দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে ধীরে ধীরে গাড়ির চাপ বাড়তে থাকে এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রাতভরও এ যানজট অব্যাহত ছিল।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, এক লেন দিয়ে বিপুলসংখ্যক যানবাহন পারাপারের চেষ্টা করায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে যানজট ঢাকামুখী লেনে কুমিল্লার চান্দিনা পর্যন্ত বিস্তৃত হয়।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকা মিয়ামী পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল ৭টায় কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করলেও এখনো দাউদকান্দিতে আটকে আছেন তিনি।
এশিয়া লাইন পরিবহনের চালক কাউছার জানান, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যানজট রয়েছে। তিনি তিন ঘণ্টা ধরে বাস নিয়ে দাউদকান্দির গৌরীপুর এলাকায় আটকে আছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাড়িয়ারচর এলাকায় সড়ক বিভাগের জরুরি সংস্কারকাজ চলছে। মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন পারাপার করায় এই যানজটের সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় সমকালকে বলেন, এলাকায় সড়ক সংস্কারের কারণে মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তবে যানজট স্থায়ী নয়; যানবাহন ধীরগতিতে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।