
জাতীয় সংসদে গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়া নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে ‘কওমি ছাত্র ঐক্য পরিষদ’। একই সঙ্গে বক্তব্যের জন্য হাসনাত ক্ষমা না চাইলে জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে শহরের কান্দিপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়। সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই শক্তির ঐক্য চাই, সংঘাত নয়। তবে ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের পুরোনো সংস্কৃতির সঙ্গে কোনো আপস করা হবে না।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা হাসনাত আব্দুল্লাহ ও এনসিপিকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে সংসদে দেওয়া বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, ক্ষমা না চাইলে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা আয়োজন করতে দেওয়া হবে না।
এর আগে বৃহস্পতিবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। এসব আয়োজন বন্ধ হয়ে যাওয়ার পরও কার্যকর ব্যবস্থা নিতে না পারায় তিনি সরকারের সমালোচনা করেন।
ঘটনাস্থলে পুলিশের উপস্থিতির কথা জানিয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’