
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়েই দেশে ফিরেছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের হারিয়ে ইতিহাস গড়ার পর ম্যাকাইয়ে কিছুটা ছন্দপতন হলেও পুরো সফরে তানজিদ-তাসকিনদের পারফরম্যান্সে সন্তুষ্টির রেশ স্পষ্ট। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় আগামী বছরই আবার অস্ট্রেলিয়া সফরের স্বপ্ন দেখছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন সাফল্য শুধু দেশের ক্রিকেটে গর্বের মুহূর্তই তৈরি করেনি, বরং বিদেশের মাটিতেও ভালো করার আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের। বিমানবন্দরে ঐতিহাসিক সফর শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দলের বর্তমান অবস্থান ও অর্জিত সম্মান নিয়ে তালহা বলেন, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি, এটা আপনারা বলতে পারবেন ভালো। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই, তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারব। দল অনেক ভালো শেইপে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা বাইরের দেশে গিয়েও ভালো করতে পারি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও খেলার সুযোগ মিলবে—এমন আশাবাদও প্রকাশ করেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ। তবে এবার ডারউইন বা ম্যাকাইয়ের মতো ভেন্যু নয়, বড় ও মর্যাদাপূর্ণ মাঠে খেলার প্রত্যাশা তার।
তালহা জুবায়ের বলেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন, ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারব আশা করি।’
ঐতিহাসিক এই সফরের সাফল্য তাই বাংলাদেশের সামনে শুধু অতীতের গৌরব নয়, ভবিষ্যতে অস্ট্রেলিয়ার মাটিতে আরও বড় পরীক্ষায় নামার সম্ভাবনাও তৈরি করেছে।