
গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এখন বিদ্যুতের ঘাটতির কারণে মোবাইল ফোন চার্জ দেওয়া নিয়ে আগের মতো সমস্যায় পড়তে হচ্ছে না।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরার মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে।’
নিজ গ্রামে অবস্থানের সময় বিদ্যুৎ পরিস্থিতি কেমন দেখেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি গ্রামে আসার পরে বেশি বিদ্যুতের সমস্যা পাইনি। যতটুকু পেয়েছি তা সব ইউনিয়নেই সারা জীবন জন্মের পর থেকে দেখছি—এক ঘণ্টা করে লোডশেডিং। সেই এক ঘণ্টার লোডশেডিংই পেয়েছি।’
বর্তমানে এলাকায় বিদ্যুৎ নিয়ে বড় ধরনের সংকট বা উল্লেখযোগ্য ভোগান্তি নেই বলেও দাবি করেন এই যুবদল নেতা।