
রাজধানীতে মাদকবিরোধী ও নিয়মিত আইনশৃঙ্খলা অভিযানে একদিনে ৫৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের পাশাপাশি মোবাইল ফোন, ব্যাংক কার্ড, সিম কার্ড ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টার অভিযানে মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগের ৩১ জন, লালবাগের ৩২, ওয়ারীর ৮৫, মতিঝিলের ৫৭, তেজগাঁওয়ের ৫৬, মিরপুরের ১৭৪, গুলশানের ৪৭ এবং উত্তরা বিভাগের ৬১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ থেকে চারজন এবং সিটিটিসি বিভাগ থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই সময়ে ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ভিসা/ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার এবং বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও এসব আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানের মাধ্যমে সংশ্লিষ্টদেরও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।