
কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করা একটি প্রাইভেটকারে বিশেষভাবে লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সবুজের মেয়ে সীমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার শাকিল মৃধার স্ত্রী উর্মি আক্তার ঊষা (১৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কক্সবাজার থেকে একটি সংঘবদ্ধ চক্র প্রাইভেটকারে করে ইয়াবার একটি চালান ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছে। তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল রামুর রাবার বাগান এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রামমুখী যানবাহনে তল্লাশি ও নজরদারি শুরু করে।
একপর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়।
সোমেন মণ্ডল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা তিনজন নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তার পরিচিত বলে দাবি করেন। তবে যাচাই-বাছাই করে সেই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
পরে গাড়িটি তল্লাশি করে ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া ইয়াবা ও পাচারে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।