
নারায়ণগঞ্জের বন্দর থানার ভেতরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদক মামলার আসামি। পুলিশ তাকে নিবৃত্ত করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে থানার ডিউটি অফিসারের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আত্মহত্যার চেষ্টাকারী রমজান (৪০) একরামপুর ইস্পাহানি এলাকার হাবিবুর রহমান হবির ছেলে। থানা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে এক ডজনের বেশি মাদক মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের তালিকাভুক্ত মাদক মামলার আসামি রমজান হাতে একটি কেরোসিনের গ্যালন নিয়ে দুপুরে থানায় প্রবেশ করেন। পরে গেটের সামনে দাঁড়িয়ে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তিনি স্থানীয় কয়েকজনের নাম ধরে চিৎকার করতে থাকেন।
একপর্যায়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এবং অন্যান্য পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে নিবৃত্ত করেন। পরে রমজানকে নিরাপদে থানা হেফাজতে নেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা প্রাঙ্গণে চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গায়ে কেরোসিন ঢালা অবস্থায় রমজানকে নিরাপদে হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।