.jpeg)
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
বুধবার (১৫ জুলাই) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উদ্বোধনের পর তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় অতিথিরা শিশুদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন স্টল স্থান পেয়েছে। আয়োজকদের আশা, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সামাজিক বন বিভাগ, পাবনার বিভাগীয় বন কর্মকর্তা তারিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।