
গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন হত্যা মামলার দুই আসামি বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের রেজাউল করিম ছানা (৫৫) ও তার ছেলে মো. নাসিরুল আহসান আকিফ (৩৫)।
র্যাব জানায়, পূর্ব পিয়ারাপুর এলাকায় বাড়ির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ৭ জুন রাতে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হলে গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহমিদ রুমন তার বড় ভাই ফারদিন রুহিতকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় রুমনকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় ফারদিন রুহিতও গুরুতর আহত হন।
এ ঘটনায় ৯ জুন নিহতের মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।
মামলার গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১ গাজীপুর ক্যাম্পের যৌথ দল গোয়েন্দা নজরদারি চালিয়ে মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বাহেরারছলা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে রেজাউল করিম ছানাকে গ্রেপ্তার করে। পরে একই রাতে শ্রীপুরের মাওনা বাজার রোডের খোদাবক্স সুপার মার্কেট এলাকা থেকে নাসিরুল আহসান আকিফকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।