
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়া এলাকায় পৃথক দুটি সুপারির বাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়ে ছোট-বড় চারটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ জুলাই) ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে দুটি সুপারির বাগানে অভিযান চালানো হয়। এ সময় তাকে সহযোগিতা করেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন, উপপরিদর্শক (এসআই) জাহিদ এবং পুলিশের একটি দল।
অভিযানে সুপারির বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ জব্দ করা হয়। পুলিশ জানায়, স্থানীয় মাদক ব্যবসায়ী মো. মাজেদুল ইসলাম মঞ্জু এসব গাছ চাষ করেছিলেন।
স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি সুপারির বাগানের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। এলাকাবাসীর কাছে তিনি একজন চিহ্নিত মাদকাসক্ত হিসেবেও পরিচিত। তবে অভিযানের সময় তিনি এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় প্রচুর সুপারির বাগান থাকায় কিছু মাদক কারবারি এসব বাগান ব্যবহার করে স্থানীয়ভাবে গাঁজার চাষ করে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।