
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ফিরোজা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার নাতি শাকিল আহম্মেদকে আটক করেছে পুলিশ। হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী আব্দুল করিম ভেটু (৭০)।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শাকিল আহম্মেদ, তার বাবা রফিকুল ইসলাম এবং দাদা আব্দুল করিম ভেটু বাড়ির পাশের একটি জমিতে পাট কাটার কাজ করছিলেন। এ সময় সেখানে যান ফিরোজা বেগম। পূর্বের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শাকিলের সঙ্গে তার দাদির বাকবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে শাকিলের হাতে থাকা পাট কাটার ধারালো বেকি দিয়ে ফিরোজা বেগমকে এলোপাতাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আব্দুল করিম ভেটুকেও একই অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত শাকিল পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে ফিরোজা বেগমের মৃত্যু হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত শাকিল আহম্মেদকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।