
রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ইসলামী জলসা আয়োজন ও মসজিদের জন্য অনুদান চাওয়াকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি গড়ায় হাতাহাতিতে, যেখানে এক কলেজ শিক্ষিকার সঙ্গে জড়িয়ে পড়েন স্থানীয় এক বিএনপি নেতা। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রুহুল কবির রিজভী–র স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলী–কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করে ভাঙচুর এবং এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অপসারণ করা হয়েছে।
তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আকবর আলী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তিনি জানান, “এ বিষয়ে আমি জানি না। সেদিন এলাকার মুরব্বিরা দাওয়াত পত্র নিয়ে গেছিল। এসময় ম্যাডাম হীরা বলেন- আপনারা কি জন্য এখানে। আপনারা টাকা নিতে আসছেন নাকি? এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি ঘটনা ঘটে।”
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে কলেজটিতে এ ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষ ও এক শিক্ষিকাসহ অন্তত পাঁচজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।