
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজার এলাকায় সরকারি জমিতে দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ও যুবদল নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি ও তার অনুসারীরা বাজারের সরকারি জায়গায় দোকান নির্মাণের কাজ শুরু করলে বাজার কমিটির নেতারা এবং যুবদল সমর্থিত একটি পক্ষ এতে বাধা দেয়।
এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে তা দ্রুত দেশীয় অস্ত্র ব্যবহার করে সংঘর্ষে রূপ নেয়। এতে চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, তার ভাই ও স্থানীয় রাজনৈতিক ও বাজার কমিটির একাধিক ব্যক্তি আহত হন।
সংঘর্ষের এক পর্যায়ে উত্তেজিত জনতা চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, তার দুই ভাইকে ঘেরাও করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বাজার কমিটির পক্ষ থেকে করা মামলার ভিত্তিতে চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়েছে।