
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে গ্রাফিতি নষ্ট করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনার জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে কলেজের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবির একটি গ্রাফিতি আঁকে, যেখানে লেখা ছিল ‘ছাত্র-রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’। পরে কে বা কারা ‘ছাত্র-রাজনীতি’ থেকে ‘ছাত্র’ শব্দটি কালো কালি দিয়ে মুছে সেখানে ‘গুপ্ত’ লিখে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য শুরু হয়।
সকালে বিষয়টি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে বিকেল ৪টার দিকে নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ সমাবেশ ডাকে ছাত্রশিবির। সেখান থেকে মিছিল নিয়ে কলেজের দিকে গেলে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় উভয় সংগঠন পরস্পরকে দায়ী করেছে। ছাত্রশিবিরের দাবি, তাদের গ্রাফিতি নষ্ট করে উস্কানি দেওয়া হয়েছে এবং কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, শিবির পরিকল্পিতভাবে বহিরাগত এনে হামলা করেছে।