
গাজীপুরের কালিয়াকৈরে কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার হোপ লুন কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা থেকে মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে ঝুট বের করা হচ্ছিল। এসময় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন সেখানে গিয়ে বাধা দেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে জড়ো হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় বিএনপি নেতা হারুন অর রশিদসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই পক্ষের লোকজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামীম আক্তার বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।