
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার প্রস্তাব পেয়েও তা গ্রহণ না করার কথা জানিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা তিনি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছেন এবং নিজের অবস্থান কাঠামোগত সংস্কারের পক্ষে বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘আজ ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণা হয়েছে। আমাকে সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি কৃতজ্ঞতার সঙ্গে তা ফিরিয়ে দিয়েছি।’
তিনি আরও লেখেন, সংসদে গিয়ে মানুষের স্বার্থে কাজ করার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। তবে তার মতে, সংরক্ষিত নারী আসন জনগণের সরাসরি ভোটে নির্ধারিত হওয়া উচিত, দলীয় মনোনয়নে নয়। এ বিষয়ে তিনি আগে থেকেই মত প্রকাশ ও প্রচারণা চালিয়েছেন বলেও উল্লেখ করেন।
তাসনিম জারা বলেন, ‘আমি ঐকমত্য কমিশনে বলেছিলাম সংরক্ষিত নারী আসন পূরণ হওয়া উচিত জনগণের সরাসরি ভোটে, দলীয় মনোনয়নে নয়। সেই অবস্থান থেকে সরে আসা আমার পক্ষে সম্ভব না।’ তিনি আরও বলেন, সংসদ সদস্যদের জনগণের ভোটে নির্বাচিত হলে তারা বেশি জবাবদিহির মধ্যে থাকেন এবং সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করে।
তিনি আরও জানান, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাত্র ১৯ দিনের প্রচারে তিনি ৪৪ হাজারের বেশি ভোট পেয়েছিলেন এবং নির্বাচনী অনিয়মের অভিযোগও সংরক্ষণ করা হয়েছে। তবে ফলাফল তিনি মেনে নিয়েছেন বলেও উল্লেখ করেন।
রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন তিনি। পরে জোটগত রাজনৈতিক সমীকরণের কারণে দলীয় পদ থেকে সরে দাঁড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ওই আসনে শেষ পর্যন্ত বিএনপির প্রার্থী জয়ী হন।