
রাজধানীর পল্টন থানার কালভার্ট রোড এলাকায় রায়হান রনি (৪০) নামে এক আইনজীবীকে পিটিয়ে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত আইনজীবী রায়হান রনি বলেন, কালভার্ট রোড এলাকায় যুবদলের নয়নসহ তাঁর নেতাকর্মীরা তাঁকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তাঁর মাথায় ১০টি সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
রায়হান রনিকে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ বলেন, বিএনপির লোকজন তাঁকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আহত অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।