
রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা আগুন দুর্ঘটনাজনিত নাকি নাশকতা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।
শাহ আলী থানার ডিউটি অফিসার জানান, সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হতাহত বা কাউকে আটকের কোনো তথ্য পাওয়া যায়নি।