
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদে রদবদল এনেছে সরকার। ব্যাংকটির পরিচালক পদ থেকে মো. রুহুল আমিন ভুইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন।
গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে। প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখার সিনিয়র সহকারী সচিব নিগার সুলতানা।
একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির নির্দেশক্রমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক পদ থেকে মো. রুহুল আমিন ভুইয়াকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অন্য প্রজ্ঞাপনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫-এর ৯(১)(খ) ধারা অনুযায়ী অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিনকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তিন বছর হবে তাঁর নিয়োগের মেয়াদ। এ আদেশও অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন দুটির অনুলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।