
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে সংস্থাটি।
রোববার (২২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্যের একটি দল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও ও কুড়িল টোল প্লাজায় অভিযান পরিচালনা করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় দুদকের দলটি সরেজমিনে টোল আদায় ও যানবাহন গণনার কার্যক্রম পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিক পরিদর্শন এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা ও টোল আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ঘাটতি রয়েছে বলে দলটির প্রাথমিকভাবে মনে হয়েছে।
দুদক সূত্র জানায়, যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে কত টাকা টোল আদায় করা হয়েছে এবং এতে সরকারের কত টাকার রাজস্ব ক্ষতি হয়েছে, তা যাচাই করছে সংস্থাটির দল। অভিযোগের বিষয়ে আরও বিস্তারিতভাবে যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে অতিরিক্ত রেকর্ডপত্রও চাওয়া হয়েছে। সংগৃহীত তথ্য ও নথিপত্র বিস্তারিত পর্যালোচনা ও বিশ্লেষণের পর এনফোর্সমেন্ট টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দেবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরকারের সঙ্গে টোল আদায়কারী প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচলের সংখ্যা ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহন থেকে আদায় করা টোলের ২৫ শতাংশ সরকার পাবে। অন্যদিকে, দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নেমে এলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাওয়ার কথা।
তবে পুলিশের বিশেষ শাখার অনুসন্ধানে প্রতিদিন প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির দাবি, দৈনিক যানবাহনের সংখ্যা ৭০ থেকে ৭৫ হাজার। যানবাহন চলাচলের সংখ্যা নিয়ে এমন ভিন্ন তথ্য এবং রাজস্ব ফাঁকির অভিযোগ খতিয়ে দেখতেই দুদক রোববার অভিযান চালিয়েছে বলে জানা গেছে।