
আড়াই মাসে প্রায় সাড়ে আট লাখ টাকা আয় করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’ বা পিংক বাস। বিপরীতে এ সময়ে ব্যয় হয়েছে প্রায় ৩৬ লাখ টাকা। অর্থাৎ, এক টাকা আয় করতে বিআরটিসির খরচ হচ্ছে ৪ টাকা ২২ পয়সা। চালুর পর থেকে অক্টোবর পর্যন্ত পিংক বাস সার্ভিসে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ লাখ টাকার বেশি।
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই চালু করা হয় বিআরটিসির এই বিশেষ বাসসেবা। সন্ধ্যায় অফিস ছুটির পর পিংক বাসে যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি থাকে। মতিঝিল থেকে নতুন বাজারগামী বাসটি ছাড়ার আগেই সব আসন পূর্ণ হয়ে যায়। কর্মজীবী নারী যাত্রীরা বলছেন, নারীদের জন্য আলাদা এই পরিবহন তাঁদের যাতায়াতে বেশ স্বস্তি এনে দিয়েছে।
যাত্রীদের সন্তুষ্টিই প্রমাণ করে, নারীদের জন্য আলাদা বাসের প্রয়োজনীয়তা রয়েছে। তবে সব সময় যাত্রীদের এমন উপস্থিতি দেখা যায় না। দিনের শুরুতে আব্দুল্লাহপুর থেকে মতিঝিলগামী একটি পিংক বাস হাউজ বিল্ডিং এলাকা থেকে অনুসরণ করে যমুনা নিউজ। দেখা যায়, খিলক্ষেত পর্যন্ত বাসটিতে যাত্রী ছিলেন মাত্র পাঁচ থেকে ছয়জন। পরদিন বিভিন্ন এলাকার নারীদের সঙ্গে কথা বলেও জানা যায়, অনেকেই এখনো পিংক বাসের সময়সূচি সম্পর্কে জানেন না।
অনেকটা স্কুলবাসের আদলেই পরিচালিত হচ্ছে বিআরটিসির পিংক বাস। সকালে নির্ধারিত সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার পর দীর্ঘ বিরতি থাকে। এরপর বিকেলে আবার শুরু হয় ফিরতি যাত্রা।
বিআরটিসির হিসাব অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকে অক্টোবর—এই তিন মাসে পিংক বাস থেকে আয় হয়েছে প্রায় ৮ লাখ ৫১ হাজার টাকা। অন্যদিকে, এ সময়ে বাস পরিচালনায় ব্যয় হয়েছে ৩৫ লাখ ৮৭ হাজার টাকা। ফলে প্রায় ২৭ লাখ ৩৬ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে সংস্থাটিকে।
লোকসান কমাতে অফ-পিক সময়ে বাসগুলো বিকল্প রুটে চালানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বিআরটিসি চেয়ারম্যান। একই সঙ্গে যাত্রী বাড়াতে প্রচার-প্রচারণা জোরদার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ ছাড়া শিগগিরই এই সেবার সঙ্গে আরও ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হবে।
বিআরটিসি চেয়ারম্যান আরও জানান, নারী যাত্রীদের পাশাপাশি তাঁদের আপনজনদেরও সঙ্গে নিয়ে চলাচলের সুযোগ দেওয়ার একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাসের রুট ও সময়সূচি জানাতে একটি মোবাইল অ্যাপ তৈরির কাজও চলছে।