
রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন এলাকায় শনিবার বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফার্মগেট স্টেশনের নিচে পড়ে থাকা একটি চটের বস্তা এবং মিরপুর-১০ স্টেশনের পাশে একটি সন্দেহজনক ব্যাগ ঘিরে সতর্ক অবস্থান নেয় পুলিশ। উভয় ঘটনাই তদন্তে বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি চটের বস্তা পড়ে থাকতে দেখা যায়। সেটিকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। বস্তুটি সন্দেহজনক হওয়ায় বিষয়টি পরীক্ষা করে দেখতে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
এদিকে একই দিনে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর এলাকায় অবস্থিত মেট্রোরেল স্টেশনেও বোমা আতঙ্কের সৃষ্টি হয়। বোমা সদৃশ কোনো বস্তু থাকার সন্দেহে স্টেশনসংলগ্ন এলাকা ঘিরে ফেলে পুলিশ, ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
দুপুর ১২টার দিকে সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
মিরপুর পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, মিরপুর-১০ মেট্রো স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে রাখা একটি ব্যাগে বোমা সদৃশ কিছু থাকার সন্দেহ দেখা দিয়েছে। তবে ব্যাগটির ভেতরে সত্যিই বিস্ফোরক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে।