
সারা দেশের মতো মুন্সীগঞ্জেও শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
‘পরিকল্পিত বনায়ন, গড়ি সবুজ বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
আজ বুধবার দুপুর ১২টার দিকে জেলা কালেক্টর মাঠে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা কালেক্টর মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। পাশাপাশি বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন।
আগামী ১৫ দিন জেলা কালেক্টর মাঠে চলবে এই বৃক্ষমেলা। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির ১৬টি স্টল অংশ নিয়েছে। মেলায় নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।