
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধপ্রবণতার দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে সার্বিক নিরাপত্তা সূচকেও শহরটির অবস্থান উদ্বেগজনক বলে উঠে এসেছে নাম্বেওর প্রকাশিত ২০২৬ সালের অর্ধবার্ষিক সূচকে।
প্রতিবেদনে দেখা যায়, ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২ এবং নিরাপত্তা সূচক মাত্র ৩৭ দশমিক ৮।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তালিকায় থাকা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির অপরাধ সূচক ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯।
নাম্বেওর তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার অন্যান্য বড় শহর—পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ নগরীগুলোর নিরাপত্তা পরিস্থিতিও ঢাকার তুলনায় ভালো।
বিশ্বের বড় শহরগুলোর সামগ্রিক তালিকায় নিরাপত্তা ও অপরাধপ্রবণতার বিচারে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ, অপরাধ ও নিরাপত্তা পরিস্থিতির দিক থেকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর শীর্ষ ১৫ শতাংশের মধ্যেই রয়েছে বাংলাদেশের রাজধানী।
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর অপরাধ ও নিরাপত্তা সূচক:
দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধ সূচকে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির অপরাধ সূচক ৬২ দশমিক ২ এবং নিরাপত্তা সূচক ৩৭ দশমিক ৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যেখানে অপরাধ সূচক ৫৯ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৪০ দশমিক ৯। তৃতীয় স্থানে থাকা ভারতের বেঙ্গালুরুর অপরাধ সূচক ৫৪ দশমিক ০, নিরাপত্তা সূচক ৪৬ দশমিক ০।
এ তালিকায় পাকিস্তানের রাওয়ালপিন্ডির অপরাধ সূচক ৫১ দশমিক ৬ এবং নিরাপত্তা সূচক ৪৮ দশমিক ৪। ভারতের কলকাতার অপরাধ সূচক ৪৬ দশমিক ৯, নিরাপত্তা সূচক ৫৩ দশমিক ১। মুম্বাইয়ের ক্ষেত্রে অপরাধ সূচক ৪৪ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৫৫ দশমিক ৯। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর অপরাধ সূচক ৪২ দশমিক ৬, নিরাপত্তা সূচক ৫৭ দশমিক ৪। ভারতের চেন্নাইয়ের অপরাধ সূচক ৪০ দশমিক ০ এবং নিরাপত্তা সূচক ৬০ দশমিক ০।
অন্যদিকে পাকিস্তানের লাহোরের অপরাধ সূচক ৩৬ দশমিক ৯ ও নিরাপত্তা সূচক ৬৩ দশমিক ১। নেপালের কাঠমান্ডুর অপরাধ সূচক ৩৬ দশমিক ৭ এবং নিরাপত্তা সূচক ৬৩ দশমিক ৩। ভারতের জয়পুরের অপরাধ সূচক ৩৪ দশমিক ৭, নিরাপত্তা সূচক ৬৫ দশমিক ৩। তালিকায় সবচেয়ে কম অপরাধ সূচক রয়েছে পাকিস্তানের ইসলামাবাদে, যেখানে অপরাধ সূচক ৩১ দশমিক ৪ এবং নিরাপত্তা সূচক ৬৮ দশমিক ৬।