
চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে লাফ দিয়ে রিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোরে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে নতুন ভবনের আটতলা থেকে লাফ দেন রিয়া। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিয়ার বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুর ডাংগি গ্রামে। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন রিয়া। এ কারণে তাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার ভোরে সবার অজান্তে তিনি ভবনের আটতলা থেকে লাফ দেন। পরে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিয়ার চাচা রফিকুল ইসলাম জানান, এসএসসি পাসের পর মোবাইল ফোনের মাধ্যমে সিঙ্গাপুরপ্রবাসী এক যুবকের সঙ্গে রিয়ার বিয়ে হয়। কিছুদিন দেশে অবস্থান করে তার স্বামী আবার সিঙ্গাপুরে ফিরে গেলে রিয়া ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সম্প্রতি তার শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি হলে পাঁচ দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।