
দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), এসএমএস তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ ও অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে এক ওয়েব ও অ্যাপ ডেভেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আরমান হোসেন (২২)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। মঙ্গলবার (৫ মে ২০২৬) রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে মোবাইল ফোন, একাধিক সিমকার্ড এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।
সিআইডির তদন্ত তথ্য অনুযায়ী, ‘সব এখানে’ নামের একটি অ্যাপ এবং সংশ্লিষ্ট একাধিক ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্য বিক্রির একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। অনলাইনে এসব তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির মাধ্যমে চক্রটি কার্যক্রম পরিচালনা করত বলে তদন্তে উঠে এসেছে।
তদন্ত সূত্র জানায়, ২০২৫ সালের ৯ অক্টোবর অনলাইন মনিটরিংয়ের সময় প্রথমবার এই কার্যক্রম সিআইডির নজরে আসে। এরপর ধারাবাহিক তদন্তে চক্রের দুই সদস্য আল আমিন ও সিয়াম হাওলাদারকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে পরবর্তী সময়ে ডেভেলপার আরমান হোসেনকে শনাক্ত করা হয়।
জিজ্ঞাসাবাদে আরমান হোসেন জানান, তিনি কয়েকটি ডোমেইন ও অ্যাপ তৈরি করেছিলেন, যেগুলোর মাধ্যমে এনআইডি তথ্য, এসএমএস ডেটা, ব্যাংক ও এমএফএস অ্যাকাউন্ট সম্পর্কিত সংবেদনশীল তথ্য বিক্রির কার্যক্রম পরিচালিত হতো। এসব তথ্য একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সংগ্রহ করা হতো বলেও তিনি জানান।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সংস্থাটি নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এ ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে নজরদারি ও অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছে।