রাজধানীর ব্যস্ত ফার্মগেট এলাকায় চলন্ত একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লাগার ঘটনায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে তেজগাঁও থানার আওতাধীন ফার্মগেটের আনন্দ সিনেমা ট্রাফিক বক্সের সামনে প্রধান সড়কে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা মেট্রো-চ ১৯-৩৩৯৭ নম্বরের প্রাইভেটকারটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকলে আশপাশে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সকাল ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়িটির প্রায় এক-তৃতীয়াংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনায় কেউ হতাহত না হলেও কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
ফার্মগেট ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) জয়নাল আবেদীন বলেন, সোনারগাঁও ক্রসিং থেকে আসার পথে যান্ত্রিক ত্রুটির কারণে প্রাইভেটকারটিতে আগুন লাগে। এতে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর রেকারের মাধ্যমে গাড়িটি সরিয়ে নেওয়া হয়। তবে ঘটনায় গাড়ির চালক-যাত্রী কিংবা সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।