
‘লেডি মীর জাফর’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চে তিনি এ অভিযোগ করেন।
হাইকোর্টের এই বেঞ্চে একটি মামলায় রুমিন ফারহানা আইনজীবী হিসেবে এবং রাষ্ট্রপক্ষে ডিএজি নজরুল ইসলাম ছোটন দায়িত্ব পালন করছিলেন। মামলাটি শুনানির জন্য উঠলে রুমিন ফারহানা ডায়াসের সামনে গিয়ে ডিএজির ফেসবুক পোস্টটি আদালতের নজরে আনেন।
তিনি আদালতকে বলেন, ডিএজি নজরুল ইসলাম ছোটন তার প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকে ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন। তাই তার কোনো মামলায় যেন তিনি রাষ্ট্রপক্ষে শুনানি না করেন। শুনানি করলে ব্যক্তিগত ক্ষোভের কারণে তিনি তার মক্কেলের বিপক্ষে বক্তব্য দিতে পারেন, এতে মক্কেল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরে আদালত ডিএজি নজরুল ইসলাম ছোটনের পরিবর্তে ওই আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাগর হোসেনকে শুনানি করতে বলেন।
এদিকে, ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও লিখিত অভিযোগ দিয়েছেন রুমিন ফারহানা।
অ্যাটর্নি জেনারেল বরাবর দেওয়া অভিযোগে তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গত ১১ সেপ্টেম্বর তাকে লক্ষ্য করে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে লেখা হয়, ‘লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুতই ভুলে যাচ্ছেন।’
রুমিন ফারহানা অভিযোগে বলেন, দায়িত্বে থাকা একজন সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকিমূলক, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ শুধু একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক নয়; এটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকেও ক্ষুণ্ন করে।
তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, কোনো রাজনৈতিক দলের নয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন রুমিন ফারহানা।