
‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টে বিমানের ভেতরে তোলা একটি ছবিও যুক্ত করেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ। তবে পোস্টে তিনি কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেননি।
ছবিতে আসিফ মাহমুদের সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দেখা গেছে।
শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার প্রসঙ্গ টেনে দেওয়া এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে পোস্টে কোনো বিস্তারিত তথ্য বা সূত্র উল্লেখ করেননি আসিফ মাহমুদ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৬৪ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে।