
এশিয়ার ৩৯টি দেশের ৯২টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হয়েছে এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন আইক্যাপের ১৩তম সাধারণ অধিবেশন। এতে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা ছেড়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সিউলের উদ্দেশে রওনা হন প্রতিনিধিদলের সদস্যরা। বুধবার (৪ নভেম্বর) সকালে এনসিপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকেও যোগ দেবেন তারা।
এবারের সম্মেলনের সহ-আয়োজক দক্ষিণ কোরিয়ার প্রধান দুটি রাজনৈতিক দল—ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া ও পিপল পাওয়ার পার্টি। সম্মেলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, গণতন্ত্র, সুশাসন এবং আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
২০০০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনের ম্যানিলায় আইক্যাপ প্রতিষ্ঠিত হয়। এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করাই এ প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। রাজনৈতিক আদর্শ কিংবা সরকার ও বিরোধী দলে অবস্থানের ভিন্নতা সত্ত্বেও দলগুলোর মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে আসছে সংস্থাটি।