-6aeb6ad8d6fda (1).webp)
প্রবল বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আগামী শনিবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার বিষয়ে সতর্ক করেছে সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। কোথাও কোথাও টর্নেডো এবং সমুদ্রের ওপর জলস্তম্ভ তৈরির আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন সৌদি আরবের প্রায় সব অঞ্চলেই কমবেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও হালকা, আবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় প্রবল বাতাসে মরুভূমির ধুলাবালি ছড়িয়ে পড়তে পারে। এতে সড়কে দৃশ্যমানতা কমে গিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে পবিত্র মক্কা নগরীসহ জাজান, আসির ও আল বাহা অঞ্চলের বাসিন্দাদের। এসব এলাকায় শনিবার পর্যন্ত মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। মক্কার পাশাপাশি তায়েফ, আল জুমুম, বাহরাহ ও আদহাম এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।
এদিকে রাজধানী রিয়াদ, মদিনা, তাবুক, শিলা ও নাজরানের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জেদ্দা ও রাবিগে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে।
উপকূলীয় অঞ্চলেও সতর্কতা জারি করেছেন আবহাওয়াবিদরা। তাঁদের আশঙ্কা, বৈরী আবহাওয়ার প্রভাবে সমুদ্রের ঢেউ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উঁচু হয়ে উঠতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি আগামী সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত স্থায়ী হতে পারে।
এ পরিস্থিতিতে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে এনসিএম। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সরকারি আবহাওয়া বুলেটিন এবং সংস্থাটির আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সর্বশেষ নির্দেশনা ও পূর্বাভাস অনুসরণ করতে বলা হয়েছে।