
নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আয়-ব্যয়ের হিসাব জমা না দেওয়া ২১টি নিবন্ধিত রাজনৈতিক দলকে নতুন করে সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২২ আগস্ট) ইসির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ সময় ছিল গত ৩১ জুলাই। নির্ধারিত সময়ের মধ্যে ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতসহ ৩৮টি দল হিসাব জমা দেয়। এ ছাড়া ১৩টি দল সময় বাড়ানোর আবেদন করে।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ সাতটি দল কোনো সাড়া দেয়নি। পরে গত ১৩ আগস্ট জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাদের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। আওয়ামী লীগের নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে।
এখন যেসব দল হিসাব জমা দেয়নি, তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যেও কোনো দল হিসাব জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসি।
সাড়া না দেওয়া সাতটি দলের মধ্যে রয়েছে—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ জাসদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি। এসব দলকে সতর্ক করে চিঠি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, দলগুলোর সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
রাজনৈতিক দল নিবন্ধনের বিধান অনুযায়ী, কোনো দল টানা তিনবার আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে নির্বাচন কমিশন ওই দলের নিবন্ধন বাতিল করতে পারে।