
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং ডিবিসি নিউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকেও।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাঁদের নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ইকবাল সোবহান চৌধুরীকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন তাঁদের হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এ ঘটনার খবর পেয়ে ডিবি পুলিশ বিষয়টি সম্পর্কে জানতে ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
আকতার হোসেন বলেন, বর্তমানে তাঁদের সঙ্গে কথা বলছে ডিবি পুলিশ। নিরাপত্তার স্বার্থে তাঁদের হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ পর্যন্ত তাঁদের আটক বা গ্রেপ্তার করা হয়নি।
এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই জানিয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, পরবর্তী পরিস্থিতি সম্পর্কে পরে জানানো হবে।