
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলা এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ১২ মামলার আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফয়সাল নাওড়া এলাকার আব্দুল মাতিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, ফয়সালের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, বিস্ফোরক আইনে মামলা এবং মারপিটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ১২টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি হয়েছে। দীর্ঘদিন ধরে ফয়সাল পলাতক ছিলেন এবং পুলিশের কাছে খবর ছিল যে সে বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন জানান, “বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সালকে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।”